সাতক্ষীরায় কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ব আম জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আমের এই বিশাল চালান আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশ কালিগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে ৩৫১ ক্যারেটে, প্রায় ৯ হাজার কেজি আম জব্দ করা হয়। মুনাফালোভী ব্যবসায়ীরা অপরিপক্ব আমগুলোতে কার্বাইড মিশিয়ে কৃত্রিমভাবে পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করছিল।
জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি বিবেচনায় বুধবার দুপুরে জব্দকৃত এসব আম সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় পৌরসভার ভাগাড়ে ধ্বংস করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।