সারা বাংলা

ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর-টাকা আদায়ের অভিযোগ, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর এবং মাদক মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহারকৃতরা হলেন—কোনাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিজুল হক, কনস্টেবল নাজমুল হোসেন ও মামুন হোসেন।

বুধবার (২৯ এপ্রিল) সকালে তাদের কোনাবাড়ী থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন।

তিনি বলেছেন, “অভিযোগ পাওয়ার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পরে অভিযুক্ত এএসআই ও দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন, অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে অভিযোগ করেন, তাকে সিএনজিতে তুলে নির্জন স্থানে নিয়ে মারধর করেন তিন পুলিশ সদস্য। পরে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নেওয়া হয়।

কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবু নাসের আল-আমিন বলেন, “ভুক্তভোগীর অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের প্রেক্ষিতে এএসআই আজিজুল হক এবং কনস্টেবল নাজমুল হোসেন ও মামুন হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।”