জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুসরণ না করে পরিচালিত নিবন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনবিহীন সব অনলাইন নিউজ পোর্টাল দেশি-বিদেশি ডোমেইন থেকে অপসারণ করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী, অনলাইন পোর্টাল পরিচালনায় নিবন্ধন বাধ্যতামূলক। কিন্তু অনেক পোর্টাল নিবন্ধন ছাড়া ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশ করছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এসব পোর্টালে প্রকাশিত কোনো সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকেও বিরত থাকতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছে পুলিশ।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, “এটি পুলিশ কমিশনারের দেওয়া গণবিজ্ঞপ্তি এবং আইন অনুযায়ী তিনি এ ধরনের নির্দেশনা দিতে পারেন।”
পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, এটি তথ্য মন্ত্রণালয়ের কোনো সরাসরি নির্দেশ নয়, বরং ২০২১ সালের হাইকোর্টের একটি নির্দেশনার আলোকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমি আইন মেনেই এই গণবিজ্ঞপ্তি জারি করেছি।”