সারা বাংলা

নিবন্ধনহীন পোর্টাল বন্ধে জারি করা গণবিজ্ঞপ্তি বাতিল করল এসএমপি

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুসরণ না করে পরিচালিত নিবন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে জারি করা গণবিজ্ঞপ্তি বাতিল করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন: সিলেটে নিবন্ধনহীন পোর্টাল বন্ধে গণবিজ্ঞপ্তি জারি

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক স্মারক নং-সিটিএসবি/এসএমপি/২৫০১ তারিখ-২৯/০৪/২০২৬ খ্রিঃ মূলে জারিকৃত গণবিজ্ঞপ্তিটি এতদ্বারা বাতিল করা হলো।

এর আগে, বুধবার (২৯ এপ্রিল) এক গণবিজ্ঞপ্তিতে পুলিশ কমিশনার জানান, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনবিহীন সব অনলাইন নিউজ পোর্টাল দেশি-বিদেশি ডোমেইন থেকে অপসারণ করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী, অনলাইন পোর্টাল পরিচালনায় নিবন্ধন বাধ্যতামূলক। কিন্তু অনেক পোর্টাল নিবন্ধন ছাড়া ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশ করছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এসব পোর্টালে প্রকাশিত কোনো সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকেও বিরত থাকতে নগরবাসীকে অনুরোধ জানায় পুলিশ।