প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে রাস্তার পাশে ফুল হাতে দাঁড়িয়ে আছেন এক মা। কোলে শিশুসন্তান। এমন দৃশ্য নজরে এলে তাৎক্ষণিকভাবে গাড়ি থামানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরপর তিনি গাড়ি থেকে নেমে আসেন। কাছে ডেকে নেন অপেক্ষারত মমতাময়ী সেই মাকে।
সোমবার (২৭ এপ্রিল) এমন এক আবেগঘন অভাবনীয় দৃশ্য দেখেছেন দেশবাসী। রাজধানীতে ফিরে প্রধানমন্ত্রী সেই মা ও শিশুর জন্য উপহার পাঠানোর নির্দেশ দেন। সে অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তাদের কাছে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেওয়া হয়।
গত সোমবার বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর গিয়েছিলেন। তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত বাসসহ গাড়িবহর যখন যশোর ইনস্টিটিউটের সামনের রাস্তা পার হচ্ছিল, তখন মা আফরোজ খানম নীলিমা শিশুসন্তান আন নসরকে নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ফুল হাতে দাঁড়িয়ে ছিলেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি গাড়ি থামিয়ে নীলিমাকে কাছে ডেকে নেন। পরে এ দৃশ্য নীলিমার ফেসবুক পেজসহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলে প্রশংসিত হয়।
রাজধানীতে ফিরে সেই শিশুর কথা ভোলেননি প্রধানমন্ত্রী। তিনি নীলিমা ও তার সন্তানের জন্য উপহার পাঠানোর নির্দেশ দেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে। তারই পরিপ্রেক্ষিতে আজ দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নীলিমার বাসায় যান এবং প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন।
আফরোজ খানম নীলিমা প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “এ অনূভূতি প্রকাশ করার মতো নয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমার সন্তানের জন্য উপহার, এতটা সম্মান প্রাপ্তির যোগ্য আমরা নই। আমি খুবই সাধারণ একজন মানুষ। এটা আমাদের জন্য অন্যরকম এক সম্মান এবং প্রাপ্তির বিষয়, যা ভাষায় প্রকাশ করার মতো নয়।”
“প্রধানমন্ত্রী আমার সন্তানকে দেখে বাস থেকে নেমে আসেন। শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর যে স্নেহ রয়েছে এটি তারই বহিঃপ্রকাশ। আমি কোনোভাবেই কল্পনা করিনি মাননীয় প্রধানমন্ত্রী আমার সন্তানকে দেখে বাস থেকে নেমে আসবেন।” বলেন নীলিমা।
নীলিমার স্বামী সাজেদুর রহমান পাপ্পু বলেন, “যখন শুনলাম প্রধানমন্ত্রী ইনস্টিটিউটে আসবেন। তো সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীকে দেখার জন্য, শুভেচ্ছা জানাতে আমার স্ত্রী সন্তানকে নিয়ে দাঁড়িয়েছিল। তার সেই স্বপ্ন থেকে আজকে আরেকটা স্বপ্নের মতো ঘটনা ঘটলো- প্রধানমন্ত্রী আমার সন্তানের জন্য উপহার পাঠিয়েছেন! এটা আমার জীবনের একটা প্রাপ্তি।”
মোকছেদুল মোমিন মিথুন যখন প্রধানমন্ত্রীর উপহার নিয়ে আফরোজ খানম নীলিমার বাসায় উপস্থিত হন, তখন সেখানে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। মিথুন বলেন, “প্রধানমন্ত্রী বাসের ভেতর থেকে এমন দৃশ্য দেখতে পেয়ে নিজে বাস থেকে নেমে শিশুটির সাথে দেখা করনে। এ দৃশ্য রীতিমতো অভাবনীয়! শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর নিরন্তর ভালোবাসার বহিঃপ্রকাশ এটি। প্রধানমন্ত্রী যখন শিশুটির কাছ থেকে ফুল উপহার পেয়েছেন, তিনি তার পক্ষ থেকে শিশুটিকে উপহার পাঠানোর চিন্তা করেন। যে কারণে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে উপহার পাঠানোর নির্দেশ দেন। সেই নির্দেশ মোতাবেক আমরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার নিয়ে এসেছি।”
এ সময় উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটনসহ যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।