সারা বাংলা

লেদ মেশিনে তৈরি হচ্ছিল পাইপগান, হাতেনাতে আটক যুবক 

সিরাজগঞ্জের কাজিপুরে গোপনে অস্ত্র কারখানা চালানোর অভিযোগে মাহবুবুর রহমান দিপু (৩০) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। লেদ মেশিনে পাইপগান তৈরির সময় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইসুরিবেড় গ্রামের মগবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। 

আটক মাহবুবুর রহমান দিপু উত্তর রেহাইসুরিবেড় গ্রামের বাসিন্দা। তিনি নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হকের ছেলে। তার মা সুলতানা হক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

পুলিশ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল মগবাজারের একটি ওয়ার্কশপে অভিযান চালায়। এ সময় লেদ মেশিনে দেশীয় অস্ত্র (পাইপগান) তৈরি করা হচ্ছিল। অভিযান চালিয়ে দিপুকে আটক করা হয়।

ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়ালসহ পাইপগান তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দিপুকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।