সারা বাংলা

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের কমিটি গঠন

চট্টগ্রাম মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে করণীয় নির্ধারণে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে এ আদেশ জারি করা হয়। এ আদেশে বলা হয়, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন খাল ও পানি নিষ্কাশন ব্যবস্থাপনা সারা বছর সচল রাখা এবং উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে। সদস্য হিসেবে রাখা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের।

অফিস আদেশে কমিটির কার্যপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, চট্টগ্রাম মহানগরীর খালসমূহের পানি প্রবাহ স্বাভাবিক রাখা, খাল পুনঃখনন, সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম তদারকি করা হবে। জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করা হবে।

প্রয়োজন অনুযায়ী উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থার প্রতিবন্ধকতা দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া কমিটিকে নিয়মিত সভার মাধ্যমে পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে। প্রয়োজনে বিশেষজ্ঞ মতামত গ্রহণের সুযোগও রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সংস্থার সমন্বয় ঘাটতি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। নতুন এই কমিটি কার্যকরভাবে কাজ করতে পারলে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে।