সারা বাংলা

মানুষকে বিভক্ত করার জন্য রাজনীতিতে একটি অপশক্তি তৎপর: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “দেশের মানুষকে বিভক্ত করার জন্য রাজনীতিতে একটি অপশক্তি তৎপর আছে। তাদের অপতৎপরতার ফল হিসেবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল-২০২৬ এভাবে রাখা হয়েছে।”

শুক্রবার (১ মে) কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, “স্বাধীনতার ৫০ বছর পরে পুরনো কোনো বিষয়কে নিয়ে কেউ যদি জাতিকে বিভক্ত করে, সে জাতি কোনোদিন এগিয়ে যেতে পারে না। বর্তমানে যারা পার্লামেন্টে এমপি হয়েছেন, তাদের অধিকাংশই তরুণ। যারা স্বাধীনতার পরে জন্ম নিয়েছেন। তাদের স্বাধীনতাবিরোধী বা রাজাকার আখ্যা দিলে জনগণ তা গ্রহণ করে না, বরং উপহাস করে।”

তিনি আরো বলেন, “কমিউনিজম তত্ত্বে শ্রমিকদের কথা বলা হলেও বাস্তবে তাদের অধিকার প্রতিষ্ঠা হয়নি। একইভাবে, একটি রাষ্ট্রে যদি পশ্চিমা গণতন্ত্র, সমাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী চিন্তাধারা প্রাধান্য পায়, তবে সেখানে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন সম্ভব নয়। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার জন্য ইসলামী শাসন ব্যবস্থার প্রয়োজন।”