সারা বাংলা

‘একটা শুট করাম, একটা শুটে পইরা যাবে’

গাজীপুরের শ্রীপুরে একটি বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় এক রাজনৈতিক নেতার ‘শুট করাম’ বলে মন্তব্য করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদিঘাট (লালমাটিয়া) গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার শ্রমিকদের দিয়ে স্থাপনা নির্মাণের কাজ করছিলেন জমির মালিক দাবি করা সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম। এ সময় কাওরাইদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মন্ডল সেখানে উপস্থিত হয়ে শ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলেন এবং হুমকিমূলক ভাষায় কথা বলেন। তিনি বলেন, “একটা শুট করাম, একটা শুটে পইরা যাবে। যতদিন ফয়সালা না হবে, কাজ বন্ধ থাকবে।” তার এমন বক্তব্যের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগোযোগমাধ্যমে।

জমির মালিক দাবি করা আবুল কালাম জানান, তিনি ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে পাঁচটি পৃথক দলিলের মাধ্যমে ৮২৫ নম্বর দাগের ১৬.৩৫ শতাংশ জমি ক্রয় করেছেন। বিক্রেতারা তাকে জমির দখল বুঝিয়ে দিয়েছেন।

তার অভিযোগ, নিজের দখলীয় জমিতে কাজ করতে গেলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাধা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, “কাজের লোকদের না বলে আমাকে বলতে পারত। আমি উপস্থিত ছিলাম। অযথা ভয় দেখানো হয়েছে।”

অভিযুক্ত কামরুজ্জামান মন্ডল দাবি করেন, জমিটি স্থানীয় বলদিঘাট জে এম সরকারি উচ্চ বিদ্যালয়ের নামে দানকৃত। তিনি বলেন, “১৯৭২ সালে স্কুলের নামে ৭০ শতাংশ জমি দান করা হয়। পরে আমার বাবাও একই পরিমাণ জমি দেন। আবুল কালাম জায়গা কেনার আগে তাকে জানানো হয়েছিল, এখানে স্কুলের জমি রয়েছে। তিনি বিষয়টি উপেক্ষা করে জোর করে কাজ শুরু করেছেন।”

তিনি জানান, তার ব্যবহৃক ‘শুট’ শব্দটি ভুলভাবে ব্যাখ্যা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আতাব উদ্দিন আতা বলেন, “ভিডিওটি দেখেছি। বিষয়টি যাচাই-বাছাই করে পরে মন্তব্য করা যাবে।” 

সদস্য সচিব সাহেব উদ্দিন বলেন, “সম্ভবত শ্রমিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অসতর্কভাবে এমন শব্দ ব্যবহার হয়েছে।”

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া জানান, জমি সংক্রান্ত এই বিরোধ তার দপ্তরে বিচারাধীন। তিনি বলেন, “উভয় পক্ষকে আগামী ২০ মে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়েছে। সেদিন শুনানি শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”