সারা বাংলা

নাটোরে সাব-কন্ট্রাক্টরকে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা

নাটোরের বাগাতিপাড়া উপজেলার মাছিমপুর এলাকায় নির্মাণাধীন মিনি স্টেডিয়াম প্রকল্পের এক সাব-কন্ট্রাক্টরকে থাপ্পড় মারার আভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে।

শুক্রবার (১ মে) দুপুরে নির্মাণাধীন স্টেডিয়ামের ভেতর ঘটনাটি ঘটে। অভিযুক্ত শুভ নাটোর জেলা ছাত্রদলের সদস্য।

স্থানীয় সূত্র জানায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ‘মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প (২য় পর্যায়, ১ম সংশোধিত)’ শীর্ষক কাজ চলছে মাছিমপুর এলাকায়। প্রায় ৮ কোটি ৭৫ লাখ টাকার এই প্রকল্পের কার্যাদেশ পেয়েছে চট্টগ্রামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সম্প্রতি প্রকল্পে নিম্নমানের ইট ব্যবহার এবং মাঠ ভরাটে বালির পরিবর্তে মাটি ব্যবহারের অভিযোগ ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে শুভসহ ৮-১০ জন প্রকল্প এলাকায় গিয়ে কাজের মান নিয়ে সাব-কন্ট্রাক্টর মাহবুব হোসেনের সঙ্গে কথা বলেন। এ সময় কথা-কাটাকাটির এক পর্যায়ে শুভ মাহবুব হোসেনকে থাপ্পড় মারেন।

ভুক্তভোগী সাব-কন্ট্রাক্টর মাহবুব হোসেন জানান, প্রকল্পে কোনো অনিয়ম থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত। এভাবে শারীরিকভাবে আক্রমণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান।

অভিযোগের বিষয়ে শুভ বলেন, “স্টেডিয়ামের কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে তাদের বিরুদ্ধে উল্টো অভিযোগ তোলা হয়, যা থেকে উত্তেজনা তৈরি হয়।”

নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, “ছাত্রদলের কোনো কর্মী এ ধরনের প্রকল্প তদন্তের দায়িত্বপ্রাপ্ত নয়। যদি কেউ অনিয়ম দেখতে পান, তবে তা যথাযথ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো উচিত। ঘটনায় আমাদের কেউ জড়িত থাকলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।” 

বাগাতিপাড়া উপজেলা ক্রীড়া কর্মকর্তা আব্দুস সবুর বলেন, ‍“অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। কাজের মান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত রয়েছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।