পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা উর্মি (২৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার হয়েছে।
শুক্রবার (১ মে) মধ্যরাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের ভাড়া বাসার তৃতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
মারা যাওয়া উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উর্মি প্রায় ৮ মাস আগে স্বামী ও দুই সন্তানকে নিয়ে পাশ্চিম বাদুরতলী গ্রামের আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়ায় ওঠেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রাত দেড়টার দিকে বাপ্পী পুলিশকে জানান, তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ গিয়ে উর্মির মরদেহ উদ্ধার করে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, “মানসিক সান্ত্বনা দেওয়ার জন্য ওই নারী পুলিশ সদস্যের স্বামী ও দুই সন্তানকে থানায় আনা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।”