সারা বাংলা

কুমিল্লায় বিএনপি নেতাকে আটকের পর থানা ঘেরাও, টার্মিনাল বন্ধ

কুমিল্লায় বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে আটকের পর এর প্রতিবাদে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেন পরিবহন চালক ও শ্রমিকেরা। এ ঘটনার পর টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

রেজাউল কাইয়ুম সদর উপজেলা বিএনপির সভাপতি। এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। 

আজ রবিবার রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য কোতয়ালী থানায় নিয়ে যায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার। 

জানা গেছে, আজ রবিবার দুপুরে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করে কোতোয়ালি মডেল থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল। 

পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে রেজাউল কাইয়ুমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে শাসনগাছা বাস টার্মিনালে চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। 

এ দিকে রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেছেন বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকেরা। এরপর তারা টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয়। এ সময় নেতাকর্মীদের থানা প্রাঙ্গণে ‘রেজাউল ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘জেলের তালা ভাঙব, রেজাউল ভাইকে আনব’ স্লোগান দিতে দেখা যায়। তাদের  নিয়ন্ত্রণে থানার প্রধান ফটক বন্ধ করে বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।   

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে।