গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় আরেকজন পালিয়ে যায় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সোমবার (৪ মে) দুপুরে বিষয়টি জানিয়েছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন। এর আগে রবিবার (৩ মে) গভীর রাতে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা এলাকার বড়ইতলা আন্ডারপাস সংলগ্ন স্থানে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, ভোগড়া বাইপাস থেকে কাঞ্চনমুখী সড়কের উলুখোলা বড়ইতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজু মিয়া (২৫) ও বিপ্লব কুমার সজিব (১৯) নামে দুইজনকে আটক করা হয়। রাজু মিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ভুরুলিয়া এলাকার বাসিন্দা এবং বিপ্লব কুমার সজিব রংপুরের হারাগাছ এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মামুন (৩৮) নামে আরো একজন মাদক কারবারি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে ৬.৫ গ্রাম ভাঙা ইয়াবা (প্রায় ৬৫ পিসের সমপরিমাণ) এবং ৩০ পিস অক্ষত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে উলুখোলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ জামাল উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।