সারা বাংলা

সুনামগঞ্জে সড়কে প্রাণ গেল ৬ জনের

সুনামগঞ্জের ছাতক উপজেলায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে সোমবার (৪ এপ্রিল) বিকেলে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় ৫ জনের মৃত্যু হয়েছে। একই দিনে সুনামগঞ্জ সদর উপজেলায় পৃথক দুর্ঘটনায় আরেকজনের মৃত্যু হয়েছে। 

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানিয়েছেন, বিকেলে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। আহত তিনজন সিলেট এমএজি ওসমানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিলেট থেকে আসা দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে বাস ও অটোরিকশা ছিটকে গিয়ে খাদে পড়ে। দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশা। এ সময় অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত চালকসহ চাজনকে উদ্ধার করে আশঙ্কজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে নিলে চিকিৎসক তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত আরেকজনের অবস্থা আশঙ্কজনক। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যাযনি। 

দুপুরে সদর উপজেলার নারাইনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ( মিডিয়া) সুজন সরকার।

মাত্র এক দিন আগে রবিবার সকালে সিলেটের তেলিয়া বাজার কোনো এলাকায় পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ৮ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। নিহতদের ৭ জনের বাড়ি সুনামগঞ্জ জেলায়।