সারা বাংলা

বরগুনায় ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার

বরগুনায় মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া জেলা ছাত্রদলের নেতা আরাফাত রহমান অভিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৪ মে) জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি বহিষ্কারের তথ্য জানিয়েছেন।

শনিবার (২ মে) রাত সোয়া ১০টার দিকে পাথরঘাটা পৌর শহরের ইমান আলী রোডের নিজ বাসা থেকে বরগুনা জেলা ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত রহমান অভিকে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পাথরঘাটা থানা পুলিশ।

বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি রাইজিংবিডিকে বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে অভিকে বহিষ্কার করে সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

রনি আরো বলেন, মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পাথরঘাটা থানা পুলিশ অভিকে গ্রেপ্তার করে। সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার স্বার্থে বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলকে অবহিত করা হয়।