সাত বছর আগে নিখোঁজ হওয়ার পর যাকে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল, সেই আয়েশা খাতুনকে (২৪) জীবিত উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩ এপ্রিল) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ।
পুলিশ জানিয়েছে, ২০১৯ সালের ৩১ মে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার আলমপুর গ্রামের মো. আবুল হোসেনের মেয়ে আয়েশা খাতুন নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। আয়েশাকে অপহরণের পর হত্যা করা হয়েছে, এ অভিযোগে আদালতে মামলা দায়ের করেন মা আদুরী বেগম। দীর্ঘ তদন্তের পর পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলেও পরে মামলাটি পুনরায় তদন্তের আওতায় আসে। ভোলাহাট থানা পুলিশ দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে নিখোঁজের সাত বছর পর আয়েশাকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, দীর্ঘ সাত বছর পর নিখোঁজ আয়েশাকে জীবিত উদ্ধার করা পুলিশের জন্য বড় সাফল্য। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়েছে।