নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জের ধরে রফিকুল ইসলাম রুবেল (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৪ মে) সকালে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে নিজ শয়নকক্ষ থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রুবেল বিষ্ণপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। হত্যায় জড়িত থাকার অভিযোগে রুবেলের স্ত্রী শিউলি বেগম ও ছেলে সাইফুদ্দিন সিদ্দিক ওরফে রয়েলকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সামনের পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র (মাংস কাটার দা) এবং রক্তাক্ত কাপড় উদ্ধার করা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে থেকেই রুবেলকে হত্যার পরিকল্পনা করেন তার স্ত্রী ও ছেলে। ঘুমন্ত অবস্থায় রুবেলকে গলা কেটে হত্যা করা হয়।
তিনি আরো জানান, রুবেল নিয়মিত মাদক সেবন ও স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে, যা দীর্ঘদিন ধরে পরিবারে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।