সারা বাংলা

দুর্ঘটনায় পথচারী নিহত, দুটি ট্রাকে আগুন দিল বিক্ষুব্ধ জনতা 

‎রাজশাহীর পুঠিয়ায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় দুটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। বন্ধ থাকে দুই ঘণ্টা যান চলাচল। 

মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার বিড়ালদহ মাজারের সামনে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম আক্কাস আলী (৫৫)। তার বাড়ি চারঘাট উপজেলার থানাপাড়া এলাকায়। বিড়ালদহ বাজারে টেইলার্সের দোকান আছে তার।   ‎দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। এ সময় দুটি ড্রামট্রাকে আগুন ধরিয়ে দেয়। এ সময় উত্তেজিত জনতা পুলিশকে ঘটনাস্থলে আসতে বাধা দেয়। হাইওয়ে পুলিশের একটি গাড়িও ভাঙচুর করে।

ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয়দের রোষানলে পড়েন সাংবাদিকরা। এ সময় উত্তেজিতরা একজন সাংবাদিকের ওপর চড়াও হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলে।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, “বিড়ালদহ মাজারের কাছে একটি দ্রুতগামী ড্রামট্রাকের চাপায় ঘটনাস্থলে এক ব্যক্তি নিহত হন। দুর্ঘটনার পরপর স্থানীয় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন এবং ঘাতক ড্রামট্রাকটিকে আটকে ফেলেন। ওই ট্রাকসহ আরো একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এছাড়া, আমাদের একটি ভাঙচুর করেছে।”

তিনি আরো জানান, পরে পুঠিয়া থানার পুলিশের সহযোগিতা নেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে বাধার সম্মুখীন হলেও পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের আগুন নিভিয়ে ফেলেন। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।