এক ডজন মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় শামীমের সহযোগীদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৪ মে) রাতে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ হামলা হয়। শামীম মিয়া ওই এলাকার বাসিন্দা।
শামীমকে ছিনিয়ে নেওয়ার পর সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে শামীমের স্ত্রী সাথী আক্তারসহ ১২ জনকে আটক করে।
নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানিয়েছেন, মাদক ও অস্ত্র উদ্ধারসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করতে পুলিশ চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ জানতে পারে, চনপাড়ার মাদক সম্রাট ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শামীম মিয়া ওই এলাকায় অবস্থান করছেন। অভিযান চালিয়ে শামীম মিয়াকে গ্রেপ্তার করা হলে তার অনুসারীরা পুলিশ সদস্যদের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যরা সেখানে গিয়ে শামীমের স্ত্রীসহ ১২ জনকে আটক করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করার পর আটক ব্যক্তিদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।