ঝালকাঠিতে সন্ত্রাসীদের হামলায় দৈনিক দেশ রূপান্তর ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি এবং ঝালকাঠি প্রেস ক্লাবের সদস্য মঈনুল হক লিপু আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ মে) বিকেল ৪টার দিকে রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় তার ওপর হামলা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ওই এলাকায় অবস্থানকালে একদল সন্ত্রাসী লিপুর ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত লিপু জানান, তার চাচাত বোনের পানির মোটর চুরির ঘটনাকে কেন্দ্র করে ১ নম্বর ওয়ার্ডের আছলাম হোসেনের ছেলে শান্ত (২৫), চুন্নু সিকদারের ছেলে রিজন সিকদার (২২), শাকিল সিকদারসহ ৭-৮ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত শান্ত এর আগে মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিল।
রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝালকাঠি প্রেস ক্লাব, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।