বরগুনার আমতলী উপজেলার চৌরাস্তায় সিএনজি স্ট্যান্ডে শ্রমিক সংগঠনের পরিচয় ভাঙিয়ে অটোরিকশা ও আলফা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় পৌর শ্রমিকদলের সভাপতি মিল্টন হাওলাদার ও লাইনম্যান সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) দুপুরে আমতলী চৌরাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় সংসদ সদস্য, বিএনপি নেতা এবং প্রশাসনের সমন্বয়ে স্ট্যান্ডগুলোতে সব ধরনের চাঁদা আদায় বন্ধ করা হয়। কিন্তু মে মাসের প্রথম দিক থেকে আবারও চাঁদা আদায় শুরু হয় বলে অভিযোগ ওঠে। দুপুরে চাঁদা আদায়ের সময় স্থানীয়রা তাদের আটক করে। সংবাদ পেয়ে থানা পুলিশ মিল্টন হাওলাদার ও সুমনকে পুলিশ হেফাজতে নেয়। বিকেলে আনোয়ারুল ইসলাম বাদী হয়ে চাঁদাবাজি মামলা করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে মিল্টন ও সুমনকে সন্ধ্যায় আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।