সারা বাংলা

অপহৃত বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ হবিগঞ্জে উদ্ধার

ঢাকা থেকে অপহরণের শিকার এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) সকালে অর্ধগলিত মরদেহটি ঢাকা-সিলেট মহাসড়কে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে উদ্ধার হয়।

নিহত ফরহাদ হোসেন মাহির (২৩) ঢাকার উত্তরখান থানার চাঁনপাড়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উত্তরা শাখার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা ফরহাদকে অপহরণ করে। ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে বাড্ডা থানায় মামলা করে। এ ঘটনায় মৃদুল সরকার নামে একজনকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে ফরহাদের মরদেহ উদ্ধার করা হয়। 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, ‍“মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”