নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য আব্দুল কুদ্দুস মোয়াজ মারা গেছেন।
একটি রাজনৈতিক মামলায় দীর্ঘ সাত মাসেরও বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় হঠাৎ অসুস্থ হয়ে বুধবার (৬ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল কুদ্দুস মোয়াজের জানাজা নামাজ আজ বুধবার বাদ আসর জেলা শহরের মীরগঞ্জ বারাকপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজনৈতিক সহকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এবং শোকবার্তার মাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।