বগুড়ায় ‘ড্রাগন ফুড অ্যান্ড বেভারেজ বাংলাদেশ’ নামে কারখানায় অভিযান চালিয়ে ভেজাল ও অস্বাস্থ্যকর জুস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীন রাসায়নিক ব্যবহার করে জুস উৎপাদনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানের সুপারভাইজারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৬ মে) বিকেলে বগুড়া সদর উপজেলার চাঁদপুর এলাকায় অবস্থিত কারখানায় অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আরিফুর রহমান।
জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, নিরাপদ খাদ্য পরিদর্শক সিদ্দিকুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কারখানায় প্রায় তিন ঘণ্টাব্যাপী তল্লাশি চালানো হয়। অভিযানে ৩৭০ কেস ভেজাল ও অস্বাস্থ্যকর জুস উদ্ধার করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রাসেল বলেন, কারখানায় মানসনদ ছাড়াই জুস উৎপাদন, অনুমোদনহীন রাসায়নিক ব্যবহার, পণ্যের মোড়কে অনুমোদনহীন সিল ও লোগো ব্যবহার এবং অনিবন্ধিতভাবে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইনে কারখানার সুপারভাইজারকে কারাদণ্ড দেওয়া হয়।