সারা বাংলা

বিশ্বকবির জন্মজয়ন্তী: কুঠিবাড়িতে চলছে বর্ণিল প্রস্তুতি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতিধন্য কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়িতে উদাযাপিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী উৎসব।

এই উৎসবকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের প্রস্তুতি। আগামী (৮ মে) শুক্রবার থেকে শুরু হতে যাওয়া উৎসব সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম জানান, অনিবার্য কারণে প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন।

রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে (বাংলা ২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। জমিদার হয়েও প্রজাদের ভালোবাসতেন মন দিয়ে। প্রতিবছর ২৫ বৈশাখ উৎসবে মুখরিত হয়ে ওঠে তার স্মৃতি বিজড়িত শিলাইদহের কুঠিবাড়ি। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, কবির জন্মবার্ষিকী উপলক্ষে নতুন করে সাজানো হয়েছে কুঠিবাড়ির আঙ্গিনা, কবির স্মৃতি চিহ্ন ও রবীন্দ্র মঞ্চ। এরই মধ্যে আসতে শুরু করেছেন কবির ভক্ত অনুরাগীরা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

কুঠিবাড়ির দায়িক্তরত কাস্টোডিয়ান আল আমিন হোসেন জানান, এবারো আলোচনা সভা, কবির রচিত গান, কবিতা ও মঞ্চনাটকের মধ্যদিয়ে শুক্রবার থেকে বিশ্বকবির জন্মজয়ন্তী উৎসব শুরু হবে।