গিলাফ চড়ানোর মধ্য দিয়ে সিলেটে শুরু হয়েছে হজরত শাহজালাল (রহ.)–এর মাজারে ৭০৭তম বার্ষিক ওরস।
বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে মাজার কর্তৃপক্ষের গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে ভক্ত-আশেকান মাজারে প্রবেশ করে গিলাফ চড়ান। এ সময় ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগানে মুখর হয়ে ওঠে মাজার এলাকা।
দুই দিনব্যাপী এই ওরস শুক্রবার (৮ মে) ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। মোনাজাত শেষে শিরনি বিতরণ করা হবে বলে জানিয়েছে মাজার কর্তৃপক্ষ।
ওরস উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত-অনুরাগীরা এরই মধ্যে সিলেটে আসতে শুরু করেছেন। মাজার এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবক নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাজারের খাদেম শামুন মাহমুদ খান বলেন, “আজ সকালে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবার ওরস উপলক্ষে শতাধিক গরু ও খাসি দান হিসেবে পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন দরগাহ মসজিদের মোতোয়াল্লি ফতেউল্লাহ আল আমান।”
তিনি জানান, ওরসে আগত অতিথিদের জন্য মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের আলাদা টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।