মাত্র একরাতেই শেষ হয়ে গেল তিন মাসের ঘামঝরা পরিশ্রম আর স্বপ্ন। চোখের সামনে সবুজে ভরা টমেটো ক্ষেত মুহূর্তেই পরিণত হয়েছে পুড়ে যাওয়া জমিতে। দুর্বৃত্তের দেওয়া আগাছানাশকে নিঃস্ব হয়ে গেছেন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খালপাড়া গ্রামের দরিদ্র কৃষক ময়নুল ইসলাম।
অভিযোগ উঠেছে, গত সোমবার রাতে কে বা কারা তার ক্ষেতে আগাছানাশক ছিটিয়ে দেয়। বিষয়টি তিনি বুঝতে পারেন পরদিন মঙ্গলবার (৬ মে) বিকেলে, যখন হঠাৎ করে গাছগুলো ঝলসে যেতে দেখেন।
চলতি মৌসুমে ময়নুল ইসলাম আড়াই বিঘা জমি ভাড়া নিয়ে টমেটোর আবাদ করেন। দীর্ঘ তিন মাসের পরিচর্যায় গাছগুলো ফুলে-ফলে ভরে ওঠে এবং ফসল বিক্রির উপযোগী হয়। ক্ষতির কারণে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।
ভুক্তভোগী কৃষক ময়নুল ইসলাম জানান, টমেটো চাষে তার প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। যার বেশিরভাগই ঋণ ও সার-কীটনাশকের দোকান থেকে বাকিতে নেওয়া।
তিনি বলেন, “আমার একমাত্র আশা ভরসা ছিল এই ফসল। তিন মাস ধরে সন্তানের মতো পরিচর্যা করে বিক্রির উপযোগী করেছি। ঋণ করে, দোকান থেকে সার-কীটনাশক বাকি নিয়ে জমিতে ঢেলেছি। এখন সব শেষ হয়ে গেল। এত টাকা ঋণ কিভাবে পরিশোধ করব?”
স্থানীয় কৃষক ছানারুল ও রুবেল জানান, এটি পরিকল্পিত নাশকতা হতে পারে। এ ধরনের ঘটনা কৃষকদের মধ্যে আতঙ্ক তৈরি করছে। মানুষে মানুষে শত্রুতা থাকতে পারে, তাই বলে ফসলের সঙ্গে এ ধরনের শত্রুতা কখনোই কাম্য নয়।
হাড়িভাসা ইউনিয়ন পরিষদের সদস্য জুলহাস উদ্দীন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অপরাধী শনাক্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”