প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, “সরকারের স্বাস্থ্য খাতের দর্শন অনুযায়ী ‘সবার জন্য স্বাস্থ্য’ তারই অংশ হিসেবে ই-হেলথ কার্ড চালু হবে। বিভাগীয় পর্যায়ে জেলা, উপজেলা ও মেডিকেল কলেজের চিকিৎসার মান এবং জনবল বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোড় গোড়ায় পৌঁছে দিতে চেষ্টা করছে সরকার।”
বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “সীমিত অবকাঠামো ও স্বল্প জনবল নিয়ে জেলার প্রধান এই হাসপাতালটি পরিচালিত হচ্ছে। ২৫০ শয্যার হাসপাতাল হলেও প্রতিদিন এখানে ৮০০ থেকে ৯০০ রোগী ভর্তি থাকেন। অতিরিক্ত চাপে হাসপাতালের করিডোর পর্যন্ত রোগীতে পূর্ণ থাকে।”
তিনি বলেন, “শিশু থেকে বৃদ্ধ অনেক রোগীকেই মেঝেতে অবস্থান করতে দেখা যায়। তাই পটুয়াখালী মেডিকেল কলেজের জন্য পূর্ণাঙ্গ ৫০০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।”
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর সিভিল সার্জন খালেদুর রহমান মিয়া, পটুয়াখালী পুলিশ সুপার আবু ইউসুফ ও পটুয়াখালী হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন রুপাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।