সারা বাংলা

কুষ্টিয়ায় এমপি আমির হামজাকে ঘিরে হট্টগোল

কুষ্টিয়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে তুমুল হট্টগোলের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

বৃহস্পতিবার (৭ মে) সকালের দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, সকালে প্রধান অতিথি হিসেবে সরকারি কলেজ মাঠে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন মুফতি আমির হামজা। এ সময় ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরে টুর্নামেন্টের উদ্বোধনের জন্য মাঠে প্রবেশ করলে ওই শিক্ষার্থীরা সেখানে গিয়েও আমির হামজাকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন এবং তারা মাঠের মধ্যে বসে পড়েন। এই পরিস্থিতিতে কলেজের অধ্যক্ষ আমির হামজাকে নিয়ে তার কার্যালয়ে চলে যান। শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়েও একইভাবে স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। খবর পেয়ে পুলিশ অধ্যক্ষের কার্যালয়ে যায়। এমপি আমির হামজা পুলিশের সঙ্গে বেরিয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।

এ ঘটনার পর আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে লেখা হয়, ‘কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালীন সময়ে মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।”

কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুল হোসেন বলেছেন, “এখানে ছাত্রদলের কোনো বিষয় নেই। আজকে যারা মানববন্ধন বা বিক্ষোভ করেছেন, তারা কলেজের সাধারণ শিক্ষার্থী। গাছ কাটার প্রতিবাদে তারা আজকে এই মানববন্ধন করেছেন। আমরা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এমপি মহোদয়ের সম্মান রক্ষার্থে চেষ্টা করেছি যেন কোনো বিশৃঙ্খলা না তৈরি হয়। আমরা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেছি। কেননা, তিনি আমাদের কলেজের অতিথি।”

এ বিষয়ে মুফতি আমির হামজা বলেছেন, “কলেজে ছোট ছোট কিছু গাছ ছিল। সেগুলো প্রিন্সিপাল সাহেবই লাগিয়েছে। রাতের আঁধারে কারা এই গাছ কেটে ফেলেছে? এ বিষয়ে শিক্ষার্থীদের দাবি—এটা তদন্ত করে বের করতে হবে। অলরেডি কলেজ কর্তৃপক্ষ তদন্ত কমিটি করে দিয়েছে। কারা কেটেছে, সেটা তদন্তে বের হয়ে যাবে।” 

তিনি বলেন, “কুষ্টিয়া সরকারি কলেজে আমার আসার কারণ— কলেজ একটি খেলা ছিল। সেই অনুষ্ঠানে আমি প্রধান অতিথি ছিলাম। গত পরশুদিন প্রিন্সিপাল এবং কর্তৃপক্ষ আমাকে দাওয়াত দিয়ে আসে। আজকে সেখানে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত আমার থাকার কথা ছিল। ২ ঘণ্টা আমি কলেজে ছিলাম। এই অনুষ্ঠানে আসার পরে গাছ কাটা নিয়ে একটু ঝামেলা হয়েছে।”

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে যান। এ সময় তিনি আমির হামজাকে অধ্যক্ষের সঙ্গে আলাপ করতে দেখেন।

তবে, আমির হামজাকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি অস্বীকার করেন ওসি। তিনি জানান, আমির হামজা অধ্যক্ষের কার্যালয় থেকে তার সঙ্গেই বেরিয়ে আসেন এবং কলেজ ক্যাম্পাস ত্যাগ করে চলে যান।