রাজশাহীর বাগমারায় মাছ ধরতে গিয়ে নৌকা থেকে নদীতে পড়ে সাজেদুর রহমান নামে এক জেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ মে) সকাল ৭টার দিকে ফকিররি নদীর বেইলি ব্রিজ সংলগ্ন স্থানে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন। তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।
মারা যাওয়া সাজেদুর ভবানীগঞ্জ পৌর এলাকার সূর্যপাড়ার আমির মণ্ডলের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে মাছ ধরার জন্য নদীতে যান সাজেদুর রহমান। একপর্যায়ে অসাবধানতাবশত নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
বাগমারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় তিন ঘণ্টা অনুসন্ধান চালিয়ে নদী থেকে সাজেদুর রহমানের লাশ উদ্ধার করেন।
বাগমারা ফায়ার সার্ভিসের স্টেশনে ইনচার্জ মিজানুর রহমান বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করি। পরে ডুবুরি দল নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করে।” তিনি জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।