সারা বাংলা

মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ আটক ৪

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ ডাকাত ফজল কাদের বাহিনীর চার সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (৮ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।

আটকরা হলেন- মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের উত্তর মুহুরীঘোনা এলাকার বাদশা মিয়ার ছেলে মো. আলমগীর (৩৪), একই এলাকার মৃত বশির আহমেদের ছেলে তৌহিদুল ইসলাম কালু (২৪), মৃত ফজল আকবরের ছেলে ফারুক (২৫) এবং সুলতান আহমেদের ছেলে কাইয়ুম উদ্দিন (৩৫)।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মহেশখালী থানার ধলঘাটা নাছিরডেল সংলগ্ন এলাকায় ডাকাত ফজল কাদের বাহিনীর সদস্যরা অবস্থান করছে বলে খবর আসে। বৃহস্পতিবার (৭ মে) রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ফজল কাদের বাহিনীর চার সক্রিয় সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আটক ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

জব্দকৃত অস্ত্র, গুলি এবং আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।