সারা বাংলা

রবীন্দ্রজয়ন্তী ঘিরে খুলনায় ৩ দিনব্যাপী নানা কর্মসূচি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স ও রূপসা উপজেলার পিঠাভোগে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (৮ মে) থেকে রবিবার (১০ মে) পর্যন্ত চলবে এ আয়োজন। দক্ষিণডিহি ও পিঠাভোগে শুক্রবার বেলা ৩টায় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত। স্মারক বক্তৃতা দেন শিক্ষাবিদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান। দ্বিতীয় দিন শনিবার বেলা সাড়ে ৩টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। এছাড়া, রবিবার বেলা সাড়ে ৩টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার। প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

একইভাবে, রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালাতেও একইভাবে শুক্রবার বেলা সাড়ে ৩টায় উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মিজ সিফাত মেহনাজ।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন বেলা সাড়ে ৩টায় আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য এস কে আজিজুল বারী। আর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত।

উভয় অনুষ্ঠানেই প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার, সংসদ সদস্য এস কে আজিজুল বারী, সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান এবং পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।