মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে ওয়াদা করেছিলেন— আড়াই মাসে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমামদের ভাতা, খেলোয়াড়দের ভাতা, খাল খনন শুরু করে দিয়েছেন। জনগণকে দেওয়া ওয়াদা পূরণে কাজ করছে সরকার।”
শুক্রবার (৮ এপ্রিল) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সূর্যমনি বাজারে মতবিনিময় সভা ও লক্ষীপুর উপ-প্রকল্পের চারটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, “আমরা তারেক রহমানের সহযোদ্ধা, তার দলের কর্মী। আমরা বসে নেই। আমরাও কিন্তু আপনাদের উন্নয়নে কাজ শুরু করে দিয়েছি। আজকে আপনারা আমার কাছে যে রাস্তাগুলোর প্রস্তাব করেছেন, ম্যাক্সিমাম রাস্তা টেন্ডারের অপেক্ষায় আছে।”
লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল হক সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, এলজিইডির কালকিনি উপজেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।