সারা বাংলা

মহাসড়কে হকার বসতে না দেওয়ায় আনসারদের ওপর হামলা, আহত ৬

ঢাকা-আরিচা মহাসড়কের ফুটপাতে হকারদের বসতে না দেওয়ায় দায়িত্বরত আনসার সদস্যদের ওপর হামলা করা হয়েছে। হকারদের হামলায় অন্তত ৬ জন আনসার সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের নিউ মার্কেটের সামনে এ হামলা হয়।

আহত আনসার সদস্যরা হলেন— আনাস, সামসুদ্দিন, এম এইচ মানিক ও মুন্না। বাকি দুজনের নাম জানা যায়নি। 

আহত আনসার সদস্য এম.এইচ মানিক বলেছেন, “আমরা প্রতিদিন পথচারীদের যাতায়াত নির্বিঘ্ন রাখার জন্য কাজ করি। প্রতিদিনের মতো আজও সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ফুটপাতে হকারদের বসতে নিষেধ করা হয়। এ সময় উত্তেজিত হকাররা দায়িত্বরত আনসার সদস্যদের ওপর হামলা করে। এতে ৬ জন আনসার সদস্য আহত হয়েছে।”

সাভার উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা আনিছুর রহমান বলেছেন, “হকারদের ফুটপাতে বসতে না দেওয়ার ৬ জন আনসার সদস্য হামলার শিকার হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সাভার মডেল থানায় অবহিত করা হয়েছে।”

এ বিষয়ে জানতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীর সঙ্গে একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।