মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশি নাগরিককে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ ও বিজিবি।
শুক্রবার (৮ মে) বিকেলে কুালাউড়া থানায় স্বজনদের উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়। কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর এ তথ্য জানান।
ভারত থেকে ফেরত আসা ব্যক্তিরা হলেন- নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের রাহুল তালুকদার (২৭), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাঙাধর গ্রামের হাবুল দাস (৪২), খালিয়াজুড়ী উপজেলার যোগীমারা গ্রামের যুবরাজ সরকার (৪৮), হাবুলের স্ত্রী সুমিত্রা দাস (৪৪), মেয়ে অনামিকা দাস (১৭) ও ভূমি দাস (৭), ছেলে হেমন্ত দাস (১৬), সদর উপজেলার বক্তারগাঁও গ্রামের মো. আল আমিন (৩৫) ও আল আমিনের স্ত্রী ফাতেমা বেগম (১৯), হামতপুর গ্রামের গোপাল দাস (২৭)।
কুলাউড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, মুরইছড়া সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্য। শুক্রবার সকালের দিকে মুরইছড়া চা-বাগান এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের টহল দল। তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে ফেরত আসা ব্যক্তিরা জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি বিএসএফ তাদের আটক করে। এরপর সীমান্ত দিয়ে ঠেলে পাঠায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাদের পুলিশের কাছে হস্তান্তর করে। সন্ধ্যা ৬টার দিকে স্বজনেরা থানায় পৌঁছালে ফেরত আসাদের হস্তান্তর করা হয়।