বগুড়ায় পুকুর থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা নিপা (২০) ও তার বর্তমান স্বামী দুলালকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার তেলিহারা উত্তরপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
বগুড়ার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী পুলিশকে জানিয়েছেন, নবজাতকটি তার প্রথম স্বামীর সন্তান। সম্প্রতি তার দ্বিতীয় বিয়ে হয়েছে। বিয়ের আগে সে জানতো না তার পেটে বাচ্চা এসেছে। বিয়ের সময়ও সে জানতো না। পরে বিষয়টি জানার পর তার নতুন সংসারে ঝামেলা শুরু হয়। ভবিষ্যতেও ঝামেলা হবে এমন আশঙ্কা থেকেই নবজাতকটিকে রাখতে চাননি।”
তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।