বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সংশ্লিষ্ট এলাকার মানুষের কাছে প্রতিটি শিল্পকারখানা কেবল একটি প্রতিষ্ঠান নয়, বরং আবেগ ও জীবিকার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ অংশ।
শনিবার (৯ মে) পঞ্চগড় সুগার মিলস লিমিটেড পরিদর্শন এবং আখচাষিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
খন্দকার মুক্তাদির বলেন, ‘‘একটি মিল সচল থাকলে কর্মসংস্থান তৈরি হয়, সরকারের রাজস্ব আয় বাড়ে, স্থানীয় অর্থনীতি সচল হয় এবং প্রতিষ্ঠানের বিদ্যমান ঋণ পরিশোধের পথ তৈরি হয়। তাই আমরা চাই, এ সব প্রতিষ্ঠান আবার উৎপাদনে ফিরুক।’’
তিনি বলেন, ‘‘শুধু এই চিনিকল নয়, দেশের সব বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করাই সরকারের লক্ষ্য।”
তিনি জানান, বর্তমানে দেশের ১৫টি চিনিকলের মধ্যে ৬টি বন্ধ রয়েছে এবং আরো বেশ কিছু রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনের উদ্যোগ নেওয়া হয়েছে।
দীর্ঘদিন বন্ধ থাকার কারণে পঞ্চগড় সুগার মিলের অবকাঠামো ও যন্ত্রপাতির ব্যাপক সংস্কার প্রয়োজন। এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে সম্ভাব্য সব দিক পর্যালোচনা করা হচ্ছে বলে জানান মন্ত্রী।
এ সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেনসহ মিলের কর্মকর্তা, আখচাষি প্রতিনিধি ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।