সারা বাংলা

কুষ্টিয়ায় এবার মাজারের খাদেমের ওপর হামলা

কুষ্টিয়ার দৌলতপুরে হজরত শাহ রউফ (রহ.)-এর মাজারের খাদেম কামাল হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাকে রক্ষা গিয়ে বোন রিতা খাতুনও হামলার শিকার হন।

শনিবার (৯ মে) বিকেলে উপজেলার মথুরাপুর বড় বাজার এলাকার দর্গাতলা গ্রামে দরগাহের ভেতরে ঘটনাটি ঘটে। 

আহত কামাল হোসেন (৪০) ও রিতা খাতুন (৩৫) একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, প্রতিবছর বৈশাখের ২৯ ও ৩০ তারিখ এবং পহেলা জ্যৈষ্ঠ হজরত শাহ রউফ (রহ.)-এর মাজারে ওরস অনুষ্ঠিত হয়। এবারের ওরসকে সামনে রেখে মাজার এলাকায় নানা প্রস্তুতি চলছিল। ওরস উপলক্ষে সেখানে একটি মেলাও বসে। শনিবার ওই মেলা পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। 

হামলার শিকার খাদেম কামাল হোসেন জানান, তিনি দীর্ঘ চার বছর ধরে মাজারের খাদেম হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার তিনি মাজারের ভেতরে রঙের কাজ করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি সেখানে এসে তাকে মারধর করেন। পাশে থাকা বোন রিতা খাতুনকেও মারধর করা হয়। কেন হামলা করা হয়েছে, তা তিনি বুঝে উঠতে পারেননি। এ ঘটনায় রাতে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে নবগঠিত মেলা পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসেম বলেন, “গত শনিবার মাজারের ভেতরে কিছুটা ঝামেলা হয়েছে।” 

তিনি দাবি করেন, খাদেম কামালের পরিচিত লোকজনই তার ওপর হামলা চালিয়েছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, “মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

গত ১১ এপ্রিল উপজেলার ফিলিপনগর এলাকায় কোরআন অবমাননার অভিযোগ তুলে আব্দুর রহমান শামিম নামে এক পীরকে তার আস্তানার ভেতরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৩ এপ্রিল নিহত শামিমের বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেপ্তার করে।