বিশ্ব মা দিবসের দিন ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন লাকি বেগম নামে এক মা। হামলায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী ও মেয়ে।
রবিবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মকবুল আহমদ সুপারিন্টেন্ডেন্টের বাড়িতে ঘটনাটি ঘটে। অভিযুক্ত রাফিকে (২১) এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আহতরা হলেন- নিহত লাকি বেগমের স্বামী মো. মোস্তফা (৪৫) ও মেয়ে মিথিলা (১৮)।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় রাফি হঠাৎ ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। ঘটনাস্থলেই মারা যান লাকি বেগম। গুরুতর আহত হন তার স্বামী ও মেয়ে। পরিবারের সদস্যদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে রাফিকে আটক করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মা দিবসে মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর দিনে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা রাতুল বলেন, “যে সন্তানের জন্য একজন মা সারাজীবন ত্যাগ করেন, সেই সন্তানের হাতেই মায়ের এমন মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক।”
নিহত লাকির দেবরের ছেলে এমরান হোসেন বলেন, “রাফি প্রায়ই মাদকের টাকার জন্য পরিবারের সঙ্গে ঝামেলা করত। আজ সম্ভবত মাদকের টাকার জন্য তিনি এমন নৃশংস ঘটনা ঘটিয়েছেন।”
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহরিয়ার কবির জানান, হাসপাতালে আনার আগেই লাকি বেগমের মৃত্যু হয়। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত মোস্তফা ও মিথিলার অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, রাফি একজন বখাটে ও মাদকাসক্ত। প্রায়ই পরিবারের সঙ্গে মাদকের টাকার জন্য ঝামেলা করত। আজকের ঘটনাটি সে খুব ঠান্ডা মাথায় করেছে এমনটি ধারণা করা হচ্ছে। আটকের সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ধারালো ছুরি জব্দ হয়েছে।