সারা বাংলা

সিরাজগঞ্জে দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোবহান প্রামানিক (৬৮) নামে এক দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার স্ত্রী শেফালী খাতুনকেও আহত করা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, ঘটনায় জড়িত থাকার সন্দেহে হায়দুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। 

রবিবার (১০ মে) রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের এলংজানি গ্রামের নিজ বাড়িতে হামলার শিকার হন এই দম্পতি। 

এলাকাবাসী জানান, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সোবহান প্রামানিক ও তার স্ত্রী। দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই সোবহান প্রামানিক মারা যান। গুরুতর আহত হন তার স্ত্রী শেফালী খাতুন। পরে হামলাকারীরা পালিয়ে যায়। 

তারা জানান, একটি খাস পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোল্লা বংশ ও প্রামাণিক বংশের মধ্যে বিরোধ চলছিল। প্রায় দুই বছর আগে একই বিরোধকে কেন্দ্র করে ওই এলাকায় সংঘর্ষে বাবা ও সন্তান নিহত হওয়ার ঘটনাও ঘটে। সেই ঘটনার জেরে এই হত্যাকাণ্ড এমনটি ধারণা তাদের।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান বলেন, ‍“পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।” 

তিনি বলেন, “একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তিনি হত্যাকাণ্ডে জড়িত কিনা যাচাই-বাছাই করা হচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।”