নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাসায় বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সোমবার (১১ মে) ভোর সাড়ে ৬টার দিকে ফতুল্লার শিবু মার্কেটের পাশে কুতুবপুর রাখিবাজার এলাকায় ঘটনাটি ঘটে।
এলাকাবাসীর ধারণা, ওই বাসার গ্যাস লিকেজ হয়ে জমে থাকা গ্যাস থেকে অথবা ফ্রিজের কম্প্রেসার থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
আরো পড়ুন: নারায়ণগঞ্জে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
দগ্ধরা হলেন- আব্দুল কাদের (৫০) ও তার তিন ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)। গুরুতর অবস্থায় তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।
দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী মো. ফারুক জানান, একতলা ভবনটিতে তিন ছেলে এবং স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন আব্দুল কাদের। আজ ভোরে তাদের বাসায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। আশপাশের সবাই দৌঁড়ে গিয়ে দেখেন, বাড়িটির দরজা ও জানলা ভেঙে পড়েছে। পরে ঘরের ভেতর থেকে দগ্ধ অবস্থায় একে একে চারজনকে বের করা হয়। দ্রুত সময়ের মধ্যে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, ধারণা করা হচ্ছে, ওই বাসার গ্যাস লিকেজ হয়ে জমে থাকা গ্যাস থেকে অথবা ফ্রিজের কম্প্রেসার থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে, এটি কেউই নিশ্চিতভাবে বলতে পারছেন না।
স্থানীয় সূত্র জানায়, আব্দুল কাদের অটোরিকশাচালক। আর তার ছেলে মেহেদি হালিম বিত্রেতা, সাকিব একটি কারখানায় কাজ করে এবং রাকিব চটপটি বিক্রি করেন। ঘটনার সময় তিন ছেলে ও তাদের বাবা ঘুমিয়েছিলেন। আর তাদের মা রান্নার কাজের জন্য পানি সংগ্রহ করতে ঘরের বাইরে ছিলেন। তখনই দুর্ঘটনাটি ঘটে।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ, মেহেদীর ১৮, সাকিবের ১৭ ও রাকিবের ২৫ শতাংশ পুড়ে গেছে। মেহেদী ও রাকিবের শ্বাসনালীও দগ্ধ হয়েছে। তাদের চারজনের অবস্থাই গুরুতর। ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।