নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মীর কালাম (৩৫) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় তার পরিবারের চার সদস্য এখনও চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মীর কালাম মারা যান।
এর আগে রবিবার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকার গ্রাম-বাংলা টাওয়ারের সামনের একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সবজি বিক্রেতা মো. মীর কালাম (৩৫) ছাড়াও তার স্ত্রী সায়মা (৩২), ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে কথা (৪) ও মুন্নি (৭) দগ্ধ হয়েছিলেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান কালামের মৃত্যুর তথ্য জানিয়ে বলেন, “বিস্ফোরণের ঘটনায় কালামের শ্বাসনালীসহ শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে তার স্ত্রী সায়মা ৬০ শতাংশ, মুন্না ৩০ শতাংশ, কথা ৫২ শতাংশ ও মুন্নি ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছে। তাদের সবার অবস্থা খুবই আশঙ্কাজনক।”
এদিকে, সোমবার সকালেও ফতুল্লার একটি বাসায় বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।