নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিজ বাড়ির সামনে মুখোশধারীদের গুলিতে মাইনুল ইসলাম মাহিন (২৪) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। দুটি সিএনজিচালিত অটোরিকশায় আসা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ির সামনে ঘটনাটি ঘটে।
গুলিবিদ্ধ মাহিন একই গ্রামের আবুল হোসেনের ছেলে। তাকে নিজ দলের কর্মী হিসেবে দাবি করেছেন জামায়াত ইসলামীর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা সেক্রেটারি জেনারেল আবদুর রহিম।
তিনি বলেন, “অজ্ঞাত কয়েকজন ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় এসে মাহিনকে গুলি করে পালিয়ে যায়। এটি রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা হতে পারে বলে আমরা ধারণা করছি। অবিলম্বে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি আমরা।”
পুলিশ সূত্রে জানায়, মাহিন নিজ বাড়ির সামনে রাতে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশায় মুখোশধারী ৪/৫ জন এসে মাহিনকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম গুলিটি তার ডান পায়ের হাঁটুতে লাগলে তিনি মাটিতে পড়ে যান। পরে একই স্থানে আরও একটি গুলি করা হয়। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয়রা মাহিনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, আহত যুবক সরাসরি কোনো দলের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।”