সারা বাংলা

হাম মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহ করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

হামের বাড়তি সংক্রমণ মোকাবিলায় সরকার দ্রুত টিকা সংগ্রহ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আক্রান্ত শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে।

সোমবার (১১ মে) সকালে বরিশাল সদর হাসপাতাল ও শেরেবাংলা মেডিকেল কলেজ  হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী প্রতি চার বছর অন্তর হাম-রুবেলার টিকা কার্যক্রম জোরদার করার কথা থাকলেও ২০২০ সালের পর সেই ধারাবাহিকতা ঠিকভাবে বজায় রাখা হয়নি। ফলে দেশে হামের প্রকোপ বেড়েছে। তবে সরকার জরুরি ভিত্তিতে ভ্যাকসিন সংগ্রহ করে টিকাদান কার্যক্রম শুরু করেছে।

হামের সংক্রমণ পুরোপুরি বন্ধ হয়নি। শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে কিছুটা সময় লাগবে। মন্ত্রী আশা করেন, চার সপ্তাহের মধ্যে পরিস্থিতির আরো উন্নতি হবে।

মন্ত্রী দাবি করেন, এত দ্রুত সময়ের মধ্যে হাম-রুবেলার টিকা সংগ্রহ করার নজির বিশ্বে খুব কম রয়েছে। দেশের সব শিশুকে টিকার আওতায় আনতে বিশেষ প্রচারণা চালানো হচ্ছে। এখন রোগীর সংখ্যাও কমতে শুরু করেছে।

এ দিন বরিশাল জেনারেল হাসপাতাল, শিশু হাসপাতাল ও শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের সময় টিকিট কাউন্টারে দায়িত্বে অবহেলার অভিযোগে এক কর্মীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি। পাশাপাশি হাসপাতালের দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সতর্ক থাকার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ইতোমধ্যে ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে মোবাইল হাসপাতাল চালু করা হবে। এছাড়া আগামী জুলাই থেকে স্বাস্থ্য খাতে প্রায় এক লাখ জনবল নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।

স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের সংকট কাটিয়ে জনগণের দোরগোড়ায় কার্যকর চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।