নেত্রকোণার আটপাড়ায় নিখোঁজের এক দিন পর অন্তর (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) বিকেলে আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের টেংগা গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তিনি রবিবার রাত থেকে নিখোঁজ ছিলেন।
অন্তর নেত্রকোণার আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের হরিপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানিয়েছে, রবিবার রাত থেকে অন্তর নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার দুপুরে টেংগা গ্রামের নিয়ত বিশ্বাসের বাড়ির পেছনের পুকুরে ভাসমান একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে স্বজনরা সেখানে গিয়ে লাশটি অন্তরের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত অন্তরের ভাই ফেরদৌস মিয়া জানিয়েছেন, অন্তর প্রায়ই বাড়ি থেকে বিভিন্ন স্থানে চলে যেতেন এবং কয়েকদিন পর বাড়িতে ফিরতেন। রবিবার মধ্যরাত থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার দুপুরে মোবাইল ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে এসে অন্তরের লাশ দেখতে পান তারা।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়দুল আলম জানিয়েছেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।