ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাত দলের হামলায় র্যাবের তিন গোয়েন্দা সদস্য আহত হয়েছেন। সোমবার (১১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা গ্রামে তাদের ওপর হামলা হয়।
অভিযোগ উঠেছে, প্রায় তিন ঘণ্টা ভুক্তভোগীদের একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখে শফিক ওরফে ডাকাত শফিক ও তার বাহিনী।
স্থানীয় সূত্র জানায়, বাঞ্ছারামপুরের দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে একটি অভিযানে যাওয়ার পথে র্যাব সিপিসি-১-এর চার সদস্য শর্টকাট হিসেবে খাগাতুয়া-মাজিয়ারা সড়ক ব্যবহার করেন। খাগাতুয়া গ্রামে প্রবেশ করলে শফিক ও তার সহযোগীরা তাদের গতিরোধ করে। পরিচয় দেওয়ার পরই র্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয়।
ঘটনার সময় সার্জেন্ট ফারুক কোনোভাবে স্থান ত্যাগ করতে সক্ষম হলেও হাবিলদার এ কে এম রাশেদ মোশাররফ (বিজিবি), কনস্টেবল মো. কাজল মিয়া ও কনস্টেবল মো. আব্দুল মালেককে আটক করে মারধর করা হয়। পরে তাদের একটি বাড়িতে নিয়ে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে র্যাব সিপিসি-৯ এর একটি দল ঘটনাস্থলে যায়। পরবর্তীতে পুলিশের সহায়তায় অবরুদ্ধ তিন র্যাব সদস্যকে উদ্ধার করা হয়। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
র্যাব-৯ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. নূর নবী বলেন, “আমাদের সদস্যরা বাঞ্ছারামপুর এলাকায় তথ্য সংগ্রহের জন্য খাগাতুয়ার গ্রামের ভেতর দিয়ে গেলে সন্ত্রাসী শফিক ডাকাত ও তার দল গতিরোধ করে হামলা চালায়। এতে তিনজন সদস্য আহত হন। দুজনের হাত ভেঙে গেছে এবং একজনের মাথায় কোপ লেগেছে।”
স্থানীয়দের অভিযোগ, ডাকাত শফিক দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, ভয়ভীতি প্রদর্শন এবং আধিপত্য বিস্তার করে আসছে। এর আগেও তার বিরুদ্ধে একাধিকবার পুলিশের ওপর হামলা ও মারধরের অভিযোগ রয়েছে। হত্যা, চুরি, হামলা ও ভাঙচুরসহ একাধিক মামলার আসামি হিসেবেও সে এলাকায় পরিচিত। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।