সারা বাংলা

টাঙ্গাইলে ট্রাক উল্টে অটোরিকশা চালকের মৃত্যু

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা এলাকায় ট্রাক উল্টে নিমাই ঘোষ (৫০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। 

সোমবার (১১ মে) বিকেলে মহাসড়কের বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মারা যাওয়া নিমাই ঘোষ সদর উপজেলার শিবপুর গ্রামের কানাই ঘোষের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, ‍“মহাসড়কের উত্তর বঙ্গমুখী সার্ভিস লেনে দ্রুতগতিতে যচ্ছিল একটি ট্রাক। এ সময় উল্টো পথে একটি অটোরিকশা সামনে চলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি অটোরিকশার ওপর উল্টে পড়ে। অটোরিকশা চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার  চিকিৎসক নিমাই ঘোষকে মৃত ঘোষণা করেন।

এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ জানান, ট্রাকটির চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।