সারা বাংলা

জুয়ার আসর থেকে ইউপি সদস্য, সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৭

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী আমতলী এলাকার একটি ডুপ্লেক্স ভবনে অভিযান চালিয়ে ইউপি সদস্য এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরভৈরবী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাদিস আলী হাওলাদারের ডুপ্লেক্স ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১১ মে) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। 

অভিযানের নের্তৃত্ব দেওয়া এসআই মনির হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১১ মে) হাইমচর থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় মামলা (মামলা নং-১৪) করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন হাইমচর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এস এম কবির (৫০), চরভৈরবী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার পারভেজ হাওলাদার (৪৮), হাইমচর ইউনিয়নের মঞ্জুরুল হক ওরফে নাঈম সরকার (৫১), সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন (৫১)। এছাড়াও গ্রেপ্তার হয়েছেন মাহবুব সরদার (৫৫), বাদল মুন্সী (৫৪) এবং খোকন (৫৮)।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক প্রবীণ ব্যক্তি বলেন, “এরাই দিনে আমাদের নসিহত করেন, বিচারে বসেন। অথচ, রাতে তাদের ঘর থেকেই জুয়াড়িরা বের হয়। এটা পুরো হাইমচরের জন্য লজ্জার।” 

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর বলেন, “গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের পাশাপাশি জুয়া ও অন্যান্য অপরাধ নির্মূলে জেলাজুড়ে অভিযান আরো জোরদার করা হবে।”