সারা বাংলা

টাঙ্গাইলে নিখোঁজ ‍যুবকের মরদেহ উদ্ধার

​টাঙ্গাইলের দেলদুয়ারে নিখোঁজের দুইদিন পর জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার হিঙ্গানগর এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত জসিম উদ্দিন উপজেলার আটিয়া ইউনিয়নের গজিয়া বাড়ি এলাকার আমজাদ হোসেনের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (৯ মে) সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বের হন জসিম। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। সোমবার সন্ধ্যায় হিঙ্গানগর এলাকায় একটি ধানক্ষেতের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​নিহতের স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৯ মে রাতে বাড়ি থেকে বের হওয়ার পর জসিম আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ দায়ের করা হয়নি।

দেলদুয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজহারুল ইসলাম জানান, নিহতের পরিচয় শনাক্ত করা গেছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া হয়েছে।