সারা বাংলা

মেলা দেখতে যাওয়া নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারায় মাজারের মেলা দেখতে যাওয়া এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে ভুক্তভোগীর বড় বোন ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দেন।

গ্রেপ্তার নিশান উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া এলাকার বাসিন্দা। ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার এক নারী তার শিশু সন্তানকে নিয়ে মিরপুর থানার পোড়াদহ এলাকা থেকে ভেড়ামারায় একটি মাজারের মেলা দেখতে আসেন। সেখানে হিড়িমদিয়া এলাকার নিশানের সঙ্গে তার পরিচয় হয়। 

অভিযোগ সূত্রে জানা যায়, রাতে নিশান শিশুটিকে মাজারের পাশের একটি ফাঁকা জায়গায় রেখে ওই নারীকে জোরপূর্বক নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

দীর্ঘক্ষণ জনমানবহীন স্থানে শিশুর কান্না শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। কান্নার উৎস খুঁজতে গিয়ে বিষয়টি জানাজানি হয় এবং রাত আনুমানিক ১টার দিকে স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করেন। ​এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ নিশানকে গ্রেপ্তার করে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান জানান, ঘটনাটি জানতে পেরে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।